জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক শফিকুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়িতে। তিনি মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণ সম্পন্ন করেন। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করার পর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেন তিনি।
জেএইচআর
