নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার সময় নিয়ে মাইকিং করে প্রচার করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার দুজন হলেন– মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২নং কাশোপাড়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি। অপরজন আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন– এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করেন ফেসবুকে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসামাত্র জেলা পুলিশ কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় দেশকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ বিষয়টি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।
এসপি তারিকুল ইসলাম আরও বলেন, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করবে জেলা পুলিশ। কাজেই মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে জোর পুলিশি অভিযান অব্যাহত আছে।
মাইকিংয়ের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। এতে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হলে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। সে পর্যন্ত দলীয় ঐক্য বজায় রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়।
