কালবেলা · স্বাস্থ্য
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি এবি পার্টির
১৩/১০/২০২৬

ডেঙ্গু ও হামের বিস্তার রোধে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা বন্ধ, টিকাদান কার্যক্রম জোরদার, হাসপাতালের কার্যকর জরুরি চিকিৎসাসেবা এবং স্বাস্থ্য খাতে জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টি ডক্টরসের উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব দাবি জানান।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘ডেঙ্গু ও হামে প্রাণহানির ঘটনায় যথাযথ জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। খাল বন্ধ হয়ে যাওয়া, পানি নিষ্কাশনে বাধা এবং অপরিকল্পিত নির্মাণকাজ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।’
এ সময় তিনি জনস্বাস্থ্যের অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার আহবান জানান।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নীতিনির্ধারক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণে বাধ্যবাধকতা চালু করা প্রয়োজন। এতে দেশের স্বাস্থ্যসেবার গুণগন মান বৃদ্ধি পাবে। এইসাথে সাধারণ মানুষেরও সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়বে।’
তিনি সভায় হামের টিকাদান কার্যক্রমে বিঘ্নের কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সভায় অন্যান্য বক্তারা ডেঙ্গু ও হাম প্রতিরোধে টিকাদানের আওতা সম্প্রসারণ, হাসপাতালের জরুরি বিভাগ ও চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার তদন্ত, মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা যাচাই ও সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ আরও অনেকেই।
মূল প্রতিবেদনে যান ↗