প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ পিএম
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীতে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। সবাই মিলে দেশের জন্য কাজ করতে হবে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে গেছেন। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।
এদিন পানিসম্পদমন্ত্রী চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শংকর মজুমদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
