Published on
:
2 min read
সারা বছর কাজের ব্যস্ততায় একসঙ্গে সময় কাটানোর সুযোগ কম মেলে, তাই পুজোর দিনগুলিকে ঘিরে থাকে নানা প্ল্যান। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই কখনও বেঁকে বসে মেজাজ। নতুন পোশাক পরতে দেরি হচ্ছে কেন, প্যান্ডেল হপিংয়ে বেরোতে এত দেরি হলো কেন, কিংবা পছন্দের রেস্তরাঁয় হচ্ছে না কেন— এমন নানা কারণে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। ছোটখাটো মনোমালিন্য কখনও এমন পর্যায়ে পৌঁছয় যে, উৎসবের আনন্দই মাটি হয়ে যায়। যদিও সব দম্পতির ক্ষেত্রে এমনটা ঘটে না, তবু অনেকের পুজোর আনন্দে ছেদ ফেলে এই অশান্তি। কিন্তু যে সময়টা একসঙ্গে আনন্দে কাটানোর কথা, সেই সময়েই কেন বাড়ে ঝগড়া? আর কী ভাবেই বা এড়ানো যায় এমন পরিস্থিতি?
পুজোর আনন্দের মাঝে অশান্তি কেন?
১) পুজোর দিনগুলি কী ভাবে কাটাবেন, তা নিয়ে দু’জনের পরিকল্পনা এক না-ও হতে পারে। একজন হয়তো সকাল সকাল বেরিয়ে একের পর এক মণ্ডপ ঘুরে দেখতে চান, অন্য জন ঘরেই শুয়ে থাকতে চান। একজনের কাছে পছন্দের সব জায়গা ঘুরে দেখা জরুরি, অন্য জনের কাছে একসঙ্গে সময় কাটানোই বেশি গুরুত্বপূর্ণ। এই প্রত্যাশার ফারাক থেকেই মনোমালিন্য শুরু হতে পারে।
২) কোন পোশাক পরবেন, কোথায় খেতে যাবেন, কোন মণ্ডপ আগে দেখবেন— এমন নানা বিষয়ে দু’জনের পছন্দ আলাদা হতে পারে। কিন্তু নিজের পছন্দকেই বেশি গুরুত্ব দিতে গিয়ে অনেক সময়ে সঙ্গীর মতামতকে এড়িয়ে যান। সেখান থেকেও ঝগড়া শুরু হতে পারে।
৩) পুজোর ভিড়, যানজট, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং একের পর এক মণ্ডপ ঘোরার ক্লান্তি— অনেক সময়ে এগুলোও বিরক্তিকর হয়ে ওঠে। এতে মেজাজও খিটখিটে হয়ে যায়। তার উপর নির্দিষ্ট সময়ে সব কিছু করার তাগিদ আরও বিরক্তি বাড়ায়। এই পরিস্থিতিতে সামান্য ভুল বোঝাবুঝিও অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
৪) অনেকেই মনে মনে পুজোর দিনগুলির একটি সুন্দর ছবি এঁকে রাখেন। সব কিছু পরিকল্পনামাফিক হবে, পছন্দের জায়গায় খাওয়া হবে, সুন্দর ছবিও তোলা হবে। কিন্তু বাস্তবে সব সময় তা সম্ভব হয় না। প্রত্যাশা পূরণ না হলে হতাশা তৈরি হয়, আর এটাই অনেক সময়ে সঙ্গীর রাগ হিসেবে বেরোয়।
কী ভাবে এড়াবেন এমন ঝামেলা-অশান্তি?
শুধু পুজো নয় যে কোনও জায়গায় বেড়াতে যাওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনা করুন। একে অন্যের পছন্দকে গুরুত্ব দিন। সেই মতো পরিকল্পনা করুন। মতের অমিল সত্ত্বেও একসঙ্গে আনন্দ করে সময় কাটানোই গুরুত্বপূর্ণ। তাই সেই মতো প্ল্যান করুন এবং একে অন্যকে বোঝার চেষ্টা করুন।
FAQ
১. পুজোর সময়ে দম্পতিদের মধ্যে ঝগড়া বাড়ে কেন?
পরিকল্পনা, পছন্দ ও প্রত্যাশার অমিল এবং পুজোর ভিড় ও ক্লান্তি থেকে ঝগড়া বাড়তে পারে।
২. প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা নিয়ে ঝগড়া এড়াবেন কী ভাবে?
আগে থেকেই আলোচনা করে দু’জনের পছন্দ অনুযায়ী ঘোরার পরিকল্পনা করুন।
৩. পুজোয় ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হয় কেন?
ক্লান্তি, যানজট, দীর্ঘক্ষণ অপেক্ষা এবং নির্দিষ্ট সময়ে সব কিছু করার তাগিদে বিরক্তি বাড়তে পারে।
৪. সঙ্গীর পছন্দ নিজের সঙ্গে না মিললে কী করবেন?
সঙ্গীর মতামত শুনুন, নিজের পছন্দও জানান এবং দু’জনের পছন্দের মধ্যে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নিন।
৫. পুজোর আনন্দ বজায় রাখতে দম্পতিরা কী করবেন?
বাস্তবসম্মত পরিকল্পনা করুন, প্রত্যাশা নিয়ে খোলাখুলি কথা বলুন এবং সব কিছু নিখুঁত করার চাপ নেবেন না।
