মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান। আইন অমান্য করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে জব্দ করা প্রায় ৩ লাখ মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিরা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এমএ
