ভোলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খাদিজা আক্তার নুহা (১০) নামে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
জানা গেছে, নিহত নুহা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলহাজ্ব আবুল হাসান কেরানীর একমাত্র কন্যা এবং স্থানীয় ‘ইলিশা স্কলারস একাডেমি’র ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নুহার বড় ভাই পুলিশ সদস্য পারভেজ রনি জানান, প্রথমে ভোলায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে নুহার মৃত্যু হয়।
আজ বুধবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে নুহার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের ও নানা পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে চার ভাইয়ের একমাত্র বোনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নুহার অকাল মৃত্যুতে তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও শোক বিরাজ করছে। একমাত্র কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ ও বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা।
