মানুষের জীবনে সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব ও ক্ষমতা-প্রতিপত্তির পালাবদল ঘটে। কখনো সাফল্যে মানুষ আত্মতৃপ্তিতে ভোগে, আবার বিপদে হতাশ হয়ে পড়ে। অথচ ইসলামের শিক্ষা হলো, পার্থিব অবস্থার পরিবর্তন দিয়ে আল্লাহর সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি নির্ধারণ করা যায় না। পবিত্র কোরআনের সুরা ফাজরে মানুষের জীবন ও পরিণতি সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়েছে।
সুরা ফাজরের ১৫ ও ১৬ নম্বর আয়াতে মানুষের একটি ভুল ধারণা তুলে ধরা হয়েছে। মানুষ যখন প্রাচুর্য লাভ করে, তখন বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর জীবিকা সংকুচিত হলে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন। পরের আয়াতে আল্লাহ এই ধারণা প্রত্যাখ্যান করেছেন।
এ থেকে শিক্ষা পাওয়া যায়, সম্পদশালী হওয়া মানেই আল্লাহর কাছে সম্মানিত হওয়া নয়, আবার অভাবগ্রস্ত হওয়াও অপমানের প্রমাণ নয়। বরং সম্পদ ও অভাব উভয়ই পরীক্ষা। প্রাচুর্য পেলে কৃতজ্ঞতা এবং সংকটে ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য।
আরও পড়ুন
সুরাটিতে এতিমের প্রতি অবহেলা, দরিদ্রকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ না দেওয়া এবং সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসার সমালোচনা করা হয়েছে। বিশেষ করে ১৭ থেকে ২০ নম্বর আয়াতে এসব বিষয়ে সতর্ক করা হয়েছে।
এ শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ধর্মীয় পরিচয়ের পাশাপাশি মানুষের প্রতি দায়িত্বশীল আচরণও গুরুত্বপূর্ণ। এতিমের অধিকার রক্ষা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সম্পদ অর্জনে ন্যায়নীতি অনুসরণ করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা।
সুরার শুরুতে আদ, সামুদ ও ফেরাউনের মতো শক্তিশালী জাতির পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তাদের ক্ষমতা ও প্রতিপত্তি তাদের রক্ষা করতে পারেনি। অন্যায়, সীমালঙ্ঘন ও জুলুমের পরিণতি সম্পর্কে এ ঘটনাগুলো মানুষকে সতর্ক করে।
অর্থাৎ ক্ষমতা, পদমর্যাদা কিংবা সম্পদের অহংকারে অন্যের অধিকার নষ্ট করা উচিত নয়। দুনিয়ার সাফল্যের সঙ্গে নৈতিকতা ও জবাবদিহির বিষয়টিও গুরুত্ব পাওয়া প্রয়োজন।
সুরার শেষ আয়াতে প্রশান্ত আত্মাকে তার রবের কাছে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আল্লাহর প্রতি সন্তুষ্ট ও তার সন্তুষ্টিপ্রাপ্ত বান্দাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ।
সুরা ফাজরের মূল শিক্ষা হলো, দুনিয়ার প্রাপ্তি নয়, বরং ঈমান, সৎকর্ম, মানুষের অধিকার রক্ষা এবং আল্লাহর প্রতি আনুগত্যই জীবনের প্রকৃত সাফল্যের পথ। তাই সম্পদে অহংকারী না হয়ে কৃতজ্ঞতা এবং সংকটে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করাই একজন মুমিনের করণীয়।
এনটি
