রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে ত্রিপক্ষীয় বৈঠক আগামী নভেম্বরের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ক্রেমলিন। খবর আনাদোলু এজেন্সির।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘নভেম্বরের প্রথমার্ধে আবুধাবিতে আলোচনার সূচি নির্ধারণ করা হয়েছে।’ দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পর রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান তিনি।
পেসকভের মতে, শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে সমন্বিত সমাধান ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ‘অসম্ভব’ বলে মন্তব্য করেন তিনি।
আলোচনায় ইউরোপ অংশ নিলে সেটি ত্রিপক্ষীয় থেকে চার পক্ষের বৈঠকে রূপ নিতে পারে কি না- এমন প্রশ্নে পেসকভ বলেন, ‘আগেভাগে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।’
তবে তিনি স্পষ্ট করেন, নভেম্বরের প্রথমার্ধে আবুধাবিতে যে আলোচনার কথা বলা হচ্ছে, তা ত্রিপক্ষীয় কাঠামোতেই অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ে তিন পক্ষের মধ্যে আলোচনা হবে। অবশ্য অন্য অংশগ্রহণকারীদের ছাড়া ইউরোপীয় নিরাপত্তাব্যবস্থার কাঠামো নিয়ে আলোচনা করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যান্টাইন প্রাসাদে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকের পর রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানান, নভেম্বরে ইউক্রেন নিয়ে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে নীতিগতভাবে প্রস্তুত মস্কো।
উশাকভ জানান, ‘নীতিগতভাবে আগামী ১০ নভেম্বরের কাছাকাছি সময়ে উল্লিখিত ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করার প্রস্তুতির কথা বলা হয়েছে। এ আলোচনায় যুদ্ধ-পরবর্তী সময়ে রাশিয়া ও ইউক্রেনের জন্য একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উইটকফ জানান, তিনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সেন্ট পিটার্সবার্গ ও নরওয়ের রাজধানী অসলোতে গঠনমূলক আলোচনা করেছেন। অসলোতে বৈঠকটি হয়েছিল মঙ্গলবার। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে কারিগরি পর্যায়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এসব আলোচনা অব্যাহত থাকবে।’
বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সঙ্গে যত দ্রুত সম্ভব ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে সমর্থন করে কিয়েভ। আলোচনার বিষয়সূচি স্পষ্ট: যুদ্ধের অবসান ঘটানো, শান্তিকে এগিয়ে নেওয়া এবং নেতাদের পর্যায়ে বৈঠকের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা। এটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ জানুয়ারি, ৪ ও ৫ ফেব্রুয়ারি এবং ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এসব বৈঠক হয়। প্রথম দুই দফা অনুষ্ঠিত হয়েছে আবুধাবিতে, আর তৃতীয় দফার বৈঠক হয় সুইজারল্যান্ডের জেনেভায়।
সূত্র : আনাদোলু এজেন্সি
