কলকাতায় আয়োজিত হতে চলেছে ‘এল ক্লাসিকো’?ছবি: X
Published on
:
1 min read
সম্প্রতি একাধিক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থেকেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। পুজোর আগেই বড় উপহার পেয়েছিলেন তাঁরা। ৩ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে ভারতীয় ফুটবল দল খেলেছিল ব্রাজ়িলের বিরুদ্ধে। ৬ তারিখ ছিল উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ। এ বার বড় চমক পেলেন ফুটবলপ্রেমীরা। সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর কলকাতায় আয়োজিত হবে এল ক্লাসিকো। মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপেরা নয়, আসবেন প্রাক্তনীরা। তবে লুইস ফিগো, রবার্তো কার্লোস, রোনাল্দিনহোর মতো তারকাদের খেলা দেখার আশায় বুক বাঁধছেন ভক্তরা।
কলকাতায় এল ক্লাসিকো
বিশ্ব ফুটবলে অন্যতম চর্চিত দ্বৈরথ এই এল ক্লাসিকো। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকে দুই দলের সমর্থকদের। এক সময় এই দ্বৈরথের মূল আকর্ষণ ছিলেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনাল্দো। এখন সেই জায়গা নিয়েছেন লামিনে ইয়ামাল, পেদ্রি, এমবাপে, ভিনিসিয়াসরা।
বাংলাতেও দুই দলের সমর্থক রয়েছেন অনেকে। তাই এল ক্লাসিকো আয়োজনের খবরে চর্চা চলছে তাঁদের মধ্যেও। তবে বর্তমান ফুটবলাররা আসবেন না। বরং ‘ক্লাব লেজেন্ডস’ অর্থাৎ কিংবদন্তিরাই আসবেন বলে জানা গিয়েছে। অর্থাৎ লুইস ফিগো, রিভাল্দো, রোনাল্দিনহো, রবার্তো কার্লোস, কার্লেস পুয়োল, কাসিয়াস, গুতিদের আসার সম্ভাবনা রয়েছে।
ভারতে আগেই আয়োজিত হয়েছে এমন এল ক্লাসিকো
কলকাতায় আগে খেলে গিয়েছে বার্সেলোনার লেজেন্ডস টিম। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর মোহনবাগানের প্রাক্তনীদের বিরুদ্ধে এক প্রদর্শনী ম্যাচে খেলেছিলেন তাঁরা। ভারতের মাটিতে আগেও আয়োজিত হয়েছে লেজেন্ডদের এল ক্লাসিকো ম্যাচ। ২০২৫-এর এপ্রিলে নবি মুম্বইয়ে মুখোমুখি হয়েছিলেন দুই দলের তারকা প্রাক্তনীরা। সেই ম্যাচে রিয়াল জিতেছিল ২-০ গোলে। তবে কলকাতায় কোন ফুটবলাররা আসবেন, তা এখনও জানা যায়নি। তবে শীতের শহরে এই ম্যাচ আয়োজন নিয়ে চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
