বাল্যবিবাহ বন্ধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের চন্দনাইশে কন্যাশিশু দিবসের আলোচনা সভার বক্তারা। তাঁরা বলেছেন, বাল্যবিবাহের কারণে অনেক কন্যাশিশুর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং স্বাভাবিক বিকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়ে।
সোমবার (১২ অক্টোবর) সকালে ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে চন্দনাইশে কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহউদ্দিন, প্রাথমিক শিক্ষা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি এবং বরগুনি বিট কর্মকর্তা রহমত আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, অল্প বয়সে বিয়ের কারণে কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার সুযোগ বাড়ানো এবং অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তাঁরা।
কন্যাশিশুরা যেন শিক্ষিত, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে জন্য নিজ নিজ অবস্থান থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
The post বাল্যবিবাহ বন্ধে সমন্বিত উদ্যোগের তাগিদ চন্দনাইশে appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
