অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ শনিবার সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই প্রধান আলোচ্য বিষয় হতে পারে।
সূত্রগুলোর দাবি, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানা গেছে।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলীয় বা নির্দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।
দলীয় অন্দরে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন দলের নেতৃত্ব, রাজনৈতিক সংকটের সময়ে ভূমিকা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলীয় গণ্ডির বাইরেও গ্রহণযোগ্যতার কারণে তিনি আলোচনায় রয়েছেন বলে দলীয় নেতাদের ধারণা।
এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংঘাতের ঘটনাকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
