রাজকুমার রাও অভিনীত আসন্ন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল নিকম’-এ ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত আজমল কসাবের চরিত্রে দেখা যাবে তাঁকে।

কে এই ললিত?ছবি: সংগৃহীত
বলিউডের ছবিতে এমন কিছু চরিত্র থাকে, যেগুলি পর্দায় ফুটিয়ে তোলা অভিনেতার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চরিত্রের শারীরিক গঠন থেকে শুরু করে কথা বলার ধরন, শরীরী ভাষা এবং মানসিকতা—সব কিছুই নিখুঁত ভাবে পর্দায় তুলে ধরতে হয় অভিনেতাকে। এ বার তেমনই এক কঠিন চরিত্রে অভিনয় করেছেন মারাঠি অভিনেতা ললিত প্রভাকর। রাজকুমার রাও অভিনীত আসন্ন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল নিকম’-এ ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত আজমল কসাবের চরিত্রে দেখা যাবে তাঁকে।
1. কে এই ললিত?
ছবিতে রাজকুমার রাও অভিনয় করছেন বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের ভূমিকায়। অন্য দিকে, কসাবের চরিত্রে ললিতের অভিনয় ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। কিন্তু কে এই অভিনেতা? মারাঠি বিনোদন জগতে তাঁর পরিচিতি কতটা? কী ভাবেই বা এমন কঠিন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি?
2. ধারাবাহিকে অভিনয়
মারাঠি টেলিভিশনের ‘কুঙ্কু’, ‘জীবলগা’ এবং ‘আভাস হা’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন ললিত। ২০১৭ সালে ‘চি বা চি সৌ কা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তার পর থেকে একাধিক মারাঠি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা।
3. চরিত্র হয়ে ওঠা
আজমল কসাবের চরিত্রে অভিনয় করার জন্য শুধু চেহারার মিল তৈরি করাই যথেষ্ট ছিল না। তাঁর কথা বলার ধরন, উচ্চারণ, শারীরিক ভঙ্গি এবং মানসিকতা বোঝার জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে ললিতকে।
4. শারীরিক ও মানসিক পরিবর্তন
ললিতের কথায়, কাসভের ভাষার সঙ্গে তাঁর নিজের কথাবলার ধরনে পার্থক্য ছিল। তাই চরিত্রটির উচ্চারণ ও কথার ভঙ্গি যথাযথ ভাবে ফুটিয়ে তোলার দিকে বিশেষ নজর দিতে হয়েছিল। পাশাপাশি, শরীরী ভাষাতেও পরিবর্তন আনতে হয়েছে তাঁকে।
