দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের বাজারের খরচ জোগাবেন তিনি। তার আশা, এই উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই মানবিক উদ্যোগের কথা জানান রাশমিকা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল আছে কি না। আমার উত্তর হ্যাঁ। আর এটি তার মধ্যে অন্যতম। আমি সব সময়ই এমন ছিলাম, জয়াম্মাও এমন।’ রাশমিকা জানান, আগে মানুষের পাশে দাঁড়ানোর এসব উদ্যোগ প্রকাশ্যে আনতেন না। বিষয়গুলো নিজের ও দলের কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। তবে তার এই কাজ অন্যদের অনুপ্রাণিত করতে পারে ভেবেই এবার তা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান হিসেবেই নিয়মিত এমন উদ্যোগ নিয়ে থাকেন বলে জানান তিনি। অভিনেত্রীর পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর ৪০০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হবে। এতে পরিবারগুলো বাজারের খরচ বাঁচিয়ে সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবে বলে আশা তার। মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাশমিকা বলেন, জীবনে পরিবর্তন আনতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন নেই। সামর্থ্য অনুযায়ী ছোট একটি ভালো কাজও কারও জীবন বদলে দিতে পারে। এই কর্মসূচির আওতায় কী কী খাদ্যসামগ্রী দেওয়া হবে, তার তালিকাও প্রকাশ করেছেন তিনি। নিজের পেশাগত জীবনের নানা চ্যালেঞ্জ, শারীরিক আঘাত ও মানসিক কষ্টের কথা উল্লেখ করে রাশমিকা বলেন, সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখের হাসি তার সব কষ্টকে সার্থক করে তুলেছে। এই আনন্দ তার কাছে অমূল্য। এদিকে, রাশমিকা বর্তমানে নতুন সিনেমা ‘রণবলী’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। ছবিটিতে তাকে দেখা যাবে জয়াম্মা চরিত্রে। চরিত্রটির সঙ্গে নিজের ব্যক্তিত্বের বিশেষ মিল রয়েছে বলে জানান তিনি। বিশেষ করে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতার দিক থেকে জয়াম্মার সঙ্গে নিজের মিল খুঁজে পান অভিনেত্রী। ‘রণবলী’ সিনেমায় রাশমিকার সহশিল্পী তার স্বামী বিজয় দেবেরাকোন্ডা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এটি তাদের তৃতীয় যৌথ সিনেমা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ছবিটির পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ‘গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষ’। সিনেমাটি গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
The post ৪শ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা first appeared on দৈনিক আজকের জামালপুর.
