গত বছরের মতো এবারও একটি দিনের জন্য চিরচেনা সবুজ জার্সি রেখে গোলাপিকে আলিঙ্গন করে নেবে পাকিস্তান ক্রিকেট দল। গোটা স্টেডিয়াম সাজানো হবে গোলাপি আবহে, ম্যাচজুড়ে থাকবে গোলাপি রেশ। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচারণার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি ত্রিদেশীয় সিরিজে আগামী রোববার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশেষভাবে তৈরি করা গোলাপি জার্সি গায়ে মাঠে নামবে শাহিন শাহ আফ্রিদির দল। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে একটি টি-টোয়েন্টিতেও গোলাপি জার্সিতে মাঠে নেমেছিল পাকিস্তান।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের আওতায় স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন করার অংশ হিসেবে টানা দ্বিতীয়বার এই পদক্ষেপ নিচ্ছে পিসিবি। এই প্রচারাভিযানটি পিঙ্কটোবারের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যা বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়।
স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাকে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজনে সম্পৃক্ত থাকবেন ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা এবং ব্রডকাস্টাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে গোলাপি রঙে রাঙিয়ে তোলা হবে। পাকিস্তান দল তো গোলাপি জার্সিতে মাঠে নামবেই, ইংল্যান্ড দলের সদস্য, ম্যাচ কর্মকর্তা এবং ধারাভাষ্যকারদের স্তন ক্যান্সার রোগী ও রোগ কাটিয়ে ওঠাদের সমর্থনে গোলাপি ফিতা পরার আমন্ত্রণ জানানো হবে।
এই সচেতনতা অভিযানটি স্টেডিয়া জুড়ে বিস্তৃত হবে। ম্যাচে গোলাপি রঙের স্টাম্প ব্যবহার করা হবে এবং স্টেডিয়ামের বড় পর্দা ও এলইডি পেরিমিটার বোর্ডে প্রচারণার বার্তা প্রদর্শন করা হবে। সরাসরি সম্প্রচারের সময় স্তন ক্যান্সার সচেতনতার গুরুত্ব তুলে ধরবেন ধারাভাষ্যকাররা, যা পাকিস্তান এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে।
ম্যাচের দিনের কার্যক্রমের পাশাপাশি পিসিবি একটি ডিজিটাল প্রচারণার পরিকল্পনা করছে, যেখানে বিশেষভাবে রেকর্ড করা ভিডিওতে উপস্থিত হয়ে মানুষকে এই রোগ এবং প্রাথমিক রোগ নির্ণয়ের গুরুত্ব সম্পর্কে আরও জানতে উৎসাহিত করবেন পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচটির আগে প্রচারণার প্রসার বাড়াতে বোর্ডের অফিসিয়াল সামাজিক মাধ্যমের চ্যানেলগুলোতেও বিশেষ কন্টেন্ট প্রকাশ করা হবে।
ম্যাচে উপস্থিত দর্শকরা খেলা শুরুর দুই ঘণ্টা আগে থেকে গাদ্দাফি স্টেডিয়ামে ‘পিঙ্ক রিবন’ কার্যক্রমে অংশ নিতে পারবেন। এই উদ্যোগগুলোর মূল লক্ষ্য থাকবে সচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা এবং স্তন ক্যান্সারে আক্রান্তদের প্রতি সমর্থন তুলে ধরা।
পিসিবি তাদের অফিসিয়াল রিটেইল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সীমিত সংস্করণের গোলাপি থিমের মার্চেন্ডাইজও চালু করছে, যার মধ্যে ট্র্যাভেল পোলো শার্ট এবং ফ্যান শার্ট অন্তর্ভুক্ত থাকবে। এই সংগ্রহটি সমর্থকদের প্রচারাভিযানে অংশ নেওয়ার এবং এই মহৎ উদ্দেশ্যের প্রতি সংহতি প্রকাশের আরও একটি সুযোগ করে দেবে।
এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিতিকে কাজে লাগিয়ে স্তন ক্যান্সার সচেতনতার বিষয়ে বৃহত্তর জনসম্পৃক্ততাকে উৎসাহিত করতে চায় পিসিবি, যার মূল লক্ষ্য হলো মাঠের বাইরে প্রতিরোধ, স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসার সুযোগ নিশ্চিত করা।
