দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ রাজধানীর শ্যামলীতে স্ত্রীসহ ছিনতাইকারীর কবলে পড়েছেন।
আজ শনিবার সকাল সোয়া সাতটার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রোরেলে কার্ড ও অন্যান্য মূল্যবান মালামাল লুটে নিয়েছে।
ঘটনার শিকার সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি কাজে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে তারা আজিমপুর থেকে একটি অটো রিকশায় কল্যাণপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী অটো রিকশাটি শিশু মেলার বিপরীত পাশের সড়কে পৌছলে পেছন থেকে আসা একটি মোটর সাইকেলে থাকা দুই ছিনতাইকারী সাংবাদিক শুভ’র স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়।
ঘটনার সময় শাহজাহান আকন্দ শুভ’র স্ত্রী হাতের একটি আঙুলে আঘাত পেয়েছেন। ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক।
