সবে পুজো শেষ। চার দিনে টানা মেকআপে ত্বকের খানিক অযত্নই হয়েছে। এ বার তার চেনা জেল্লা ফিরিয়ে আনতে চান? প্রসাধনী দ্রব্য ছাড়াও প্রতিদিনের রুটিনে একটু বদল আনলেই কিন্তু সেটা সম্ভব। কিছু সহজ যোগাসনের মাধ্যমে ত্বকের স্বাস্থ্য ফিরিয়ে আপনি এ কাজটা করে ফেলতে পারেন। প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হবে। তবে নিয়মিত অভ্যাসে আপনি আসনগুলি আয়ত্ব করতে পারবেন। যার সুফল পাবে আপনার ত্বক।
১। সর্বাঙ্গাসন - প্রথমে সোজা হয়ে শুয়ে হাত, পা-সহ গোটা শরীর উপরের দিকে তুলতে হবে। তার পরে গোটা শরীর এবং ঘাড় রাখতে হবে এক সরল রেখায়। নিয়মিত এই আসন করলে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি থাইরয়েডের সমস্যা দূর হবে।
২। চক্রাসন - হাত দুটো উল্টো ভাবে কাঁধের কাছে নিয়ে যান। এ বার পায়ের পাতায় ভর দিয়ে গোটা শরীর ঠেলে তুলুন। পায়ের পাতা যেন মাটি স্পর্শ করে থাকে। হাত আর পায়ে ভর দিয়ে গোটা শরীর যথাসম্ভব উপরে তোলার চেষ্টা করুন। এর ফলে আপনার শরীরের পাশাপাশি ত্বকও ভাল থাকবে। চিকিৎসকদের একাংশের মতে, এই আসনটি করার ফলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে।
৩। মৎস্যাসন – পদ্মাসনে বসুন। সেখান থেকে চিত হয়ে শুয়ে পড়ুন। এ বার হাতে ভর দিয়ে কাঁধ মাটি থেকে উপরে তুলুন। এই অবস্থায় ৩ থেকে ৪ বার গভীর শ্বাস নিয়ে আগের অবস্থায় ফিরুন। এই আসনে হজমশক্তি বাড়ে, পেটের গোলমালও দূর হয়। সব মিলিয়ে উজ্জ্বলতা আসে ত্বকেও।
তিনটি আসন এ বার অভ্যাস করার পালা। তাতেই আছে সুস্থ ত্বকের চাবিকাঠি।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
