সুনামগঞ্জে বেকার ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে FIVDB-এর RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সুনামগঞ্জের কাজিরপয়েন্ট এলাকার লতিফা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB)-এর উদ্যোগে আয়োজিত সভায় প্রকল্পে আগ্রহী তরুণ-তরুণী ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন।
সভায় RAISE প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ, হাতে-কলমে শিক্ষানবিশি, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি চর, হাওর, পার্বত্য ও উপকূলীয় এলাকার তরুণদের প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন RAISE প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রব, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার নাবিলা নুজহাত হাই, অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস অফিসার শাহ হিসাম আহমেদ এবং আইএফএসপি প্রকল্পের সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক উৎপল কুমার শর্মা সরকার। এ ছাড়া FIVDB-এর অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।
সভায় RAISE প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রব বলেন, “RAISE প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণ-তরুণীদের দক্ষতা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাঁদের আত্মনির্ভরশীল করে তোলা। আমরা বিশ্বাস করি, তরুণদের সক্ষমতা বৃদ্ধি পেলে পরিবার ও সমাজের উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।”
উল্লেখ্য, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত RAISE প্রকল্পের লক্ষ্য অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান বৃদ্ধি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা জোরদার করা। ২০২৬ সালে অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে প্রকল্পটির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে।
আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সভা শেষ হয়। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ স্থানীয় তরুণ-তরুণীদের প্রকল্পের সুযোগ সম্পর্কে সচেতন করার পাশাপাশি কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা করবে।
