Published on
:
2 min read
উৎসবের আবহ মানেই ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। আর সেই সাজে কী ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে হয়, তা আরও একবার প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি ডিজ়াইনার অনামিকা খান্নার তৈরি একটি বর্ণিল ও কারুকার্যময় লেহঙ্গায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ঐতিহ্যবাহী দেশি আমেজ এবং আধুনিক গ্ল্যামারের এমন নিখুঁত মেলবন্ধন ফ্যাশনপ্রেমীদের মন জয় করে নিয়েছে এক মুহূর্তেই।
জাহ্নবীর পরনে যে মাল্টি কালার লেহঙ্গাটি ছিল, তা যেন ভারতীয় হস্তশিল্পের এক জীবন্ত দলিল। লাল, সবুজ, নীল, আইভরি এবং মাটির রঙে বোনা এই পোশাকের জমিতে ফুটে উঠেছে গুজরাতি ঐতিহ্যের ছাপ। স্কার্ট জুড়ে থাকা ঘন সুতোর কাজ ও আয়নার সূক্ষ্ম ছোঁয়া পুরো পোশাকটিকে দিয়েছে এক অনন্য মাত্রা। পোশাকের নীচের ঘেরের কাছে থাকা বাহারি বর্ডার এক মায়াবী আলো-ছায়ার খেলা তৈরি করে। এর সঙ্গে জাহ্নবী পরেছিলেন একটি ডিপ-নেকলাইনের চোলি বা ব্লাউজ়। স্বল্প দৈর্ঘ্যের হাতা ও পুরো ব্লাউজ়ে ছড়িয়ে থাকা সূক্ষ্ম অলঙ্করণ স্কার্টের নকশার সঙ্গে চমৎকার সামঞ্জস্য তৈরি করেছে।
পোশাকের মূল আকর্ষণ ছিল দোপাট্টা ও কোমরবন্ধ। একঘেয়ে রঙের সাযুজ্য এড়িয়ে জাহ্নবী বেছে নিয়েছিলেন একটি গাঢ় বেগুনি রঙের দোপাট্টা, যা লেহঙ্গার বৈচিত্র্যের মাঝে এক রাজকীয় বৈপরীত্য এনে দিয়েছে। অত্যন্ত নিখুঁত ভাবে কুচি করে কাঁধের ওপর ফেলা দোপাট্টাটি তাঁর সাজকে দিয়েছে আভিজাত্য। তবে পুরো আউটফিটের ‘স্টেটমেন্ট পয়েন্ট’ ছিল কোমরে জড়ানো সোনালি কোমরবন্ধ। এটি কেবল ক্রপ করা ব্লাউজ় আর ভারী স্কার্টের ভারসাম্য রক্ষা করেনি, বরং ঐতিহ্যবাহী লেহঙ্গাকে দিয়েছে একটি বোল্ড লুক।
গলায় মুক্তো ও রঙিন পাথর বসানো চওড়া চোকার, কানে লম্বা ঝুমকো এবং হাতে রকমারি চুড়ির উৎসবের মেজাজ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কপালে ছোট টিপ এবং মাঝে সিঁথি কেটে বাঁধা খোপায় সাজানো ছিল মেজেন্টা, হলুদ ও সাদা রঙের টাটকা ফুল। মেকআপ ছিল একেবারে হালকা, ছিমছাম। হালকা শিমারের ছোঁয়ায় উজ্জ্বল চোখ, নিখুঁত কনট্যুর করা গাল এবং বেরি শেডের লিপস্টিক—সব মিলিয়ে জাহ্নবীর সাজ ‘ম্যাক্সিমালিস্ট’ হলেও তাতে কোনও কিছুই অতিরিক্ত মনে হয়নি।