ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর। সারোগেসির মাধ্যমে দুই সন্তান রুহি ও যশের বাবা হয়েছেন তিনি। সন্তানদের নিয়েই কাটছে তার জীবনের বেশির ভাগ সময়। তবে জীবনের আনন্দ-বেদনা ভাগ করে নেওয়ার জন্য একজন মনের মানুষের অভাব অনুভব করেন এই নির্মাতা। বিয়ের বিষয়ে অনিশ্চয়তা থাকলেও সুন্দর একটি সম্পর্কের স্বপ্ন এখনো দেখেন তিনি।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের ব্যক্তিগত জীবনের ইচ্ছার কথা জানান করণ।
অনুষ্ঠানে বিজয়কে নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করতে বলেন করণ। জবাবে রাশমিকার হাত ধরে বিজয় জানান, তিনি চান রাশমিকা যেন তার সঙ্গে নিরাপদ বোধ করেন। এরপর করণকে প্রশ্ন করা হয়, অনুষ্ঠানের এই সোফায় বসে তিনি নিজে কী চান কিংবা কী পাওয়ার স্বপ্ন দেখেন।
উত্তরে করণ জানান, জীবনে এমন একজন সঙ্গী চান, যার সঙ্গে মনের সব কথা ভাগ করে নিতে পারবেন। জীবনের ছোট-বড় মুহূর্ত, আনন্দ এবং সাফল্য একসঙ্গে উদ্যাপন করতে পারবেন। তার ভাষ্য অনুযায়ী, বিয়ে হয়তো তার জীবনে বাস্তবসম্মত কোনো বিকল্প নয়, তবে সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলার আশা এখনো রয়েছে।
করণ আরও জানান, তিনি এমন একজনকে চান, যিনি তার দুই সন্তান রুহি ও যশেরও অভিভাবক হয়ে উঠবেন। শুধু তার নিজের জীবনের অংশ নন, সন্তানদের জীবনেও সমানভাবে যুক্ত থাকবেন সেই মানুষ।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন করণ জোহর। ‘কফি উইথ করণ’-এর নবম সিজন নিয়ে ফিরেছেন তিনি। প্রযোজক হিসেবেও তার হাতে রয়েছে একাধিক ছবি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
