নিজস্ব প্রতিনিধি: মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে পাঁচ দিনব্যাপী পদযাত্রা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। সখীপুর থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহের উদ্দেশে এ পদযাত্রায় অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক। কর্মসূচিটির আয়োজন করছেন হোসাইন মোহাম্মদ মাসুম।
পদযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়মিত হাঁটা, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি খালি পায়ে হাঁটার বিষয়েও সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে।
আয়োজকদের লক্ষ্য, সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা। পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির শেষ পর্যায়ে দুই থেকে তিনজন চিকিৎসক যুক্ত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবেন।
আয়োজকেরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়বে এবং নিয়মিত হাঁটা ও শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি হবে।
