ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচের আগে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল। ম্যাচটি আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার বিসিবির ছয় সদস্যের প্রতিনিধি দল স্টেডিয়ামের মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা ও গণমাধ্যমের সুযোগ-সুবিধা পরিদর্শন করে। পরিদর্শনে যেসব বিষয়ে সামান্য পরিবর্তন বা উন্নয়ন প্রয়োজন, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। তিনি বলেন, “এটা অসাধারণ একটি ভেন্যু। আমরা অনেক দিন ধরেই খেলাধুলার আয়োজনের সঙ্গে যুক্ত। তবে এই প্রথম বিসিবি এ ধরনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে আয়োজন করছে।”
তিনি আরও বলেন, “এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ। সবাই সহযোগিতাপরায়ণ ও সহায়তাপ্রবণ।” দুই দিনের এই ম্যাচকে তিনি ‘টেস্ট কেস’ হিসেবে উল্লেখ করেন। এবিজি স্পোর্টস সিটিতে আরও একটি মাঠ নির্মাণের কাজ চলছে এবং সেখানে অনুশীলনের সুবিধাও রয়েছে বলে জানান তিনি।
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোঃ ইমরুল হাসান বলেন, “ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের একটি ম্যাচ হবে। এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য এটি অবশ্যই গৌরবের বিষয়।” তিনি জানান, বিসিবির দিকনির্দেশনা নিয়েই তারা কাজ এগিয়ে নিচ্ছেন। তার ভাষ্য, “তাদের কথাবার্তা থেকে আমার মনে হয়েছে, তারা পুরোপুরি সন্তুষ্ট।”
পরিদর্শনকালে এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে এই স্টেডিয়ামে বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ম্যাচ হয়েছে। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের ম্যাচও এখানে আয়োজন করা হয়।
বিআলো/শিলি