চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার বিসিক শিল্প এলাকা শ্রমিকদের রুটি-রুজির বিশাল ক্ষেত্র। হাজার হাজার শ্রমিক এখানে চাকরি করে পরিবারের ভরণপোষণ করেন। তাদের বিভিন্ন শিফটে যাতায়াত করতে হয় হেঁটে। সকাল ৬টা, দুপুর ২টা এবং রাত ১০টায় যাদের শিফট শুরু ও শেষ হয়, তাদের নিরাপত্তায় সিঅ্যান্ডবি মোড় থেকে ইউনিলিভার গেট এবং উসমানিয়া পুলের গোড়া থেকে বাদামতল হয়ে বিসিক পর্যন্ত সড়কে ভোর ৫টা থেকে সকাল ৭টা এবং রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পুলিশ মোতায়েন রাখা অত্যন্ত জরুরি। এই সময়ে ছিনতাইকারীরা পথচারীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়ার ঘটনা অহরহ ঘটছে। সংঘবদ্ধ এই অপরাধীচক্রের সর্বশেষ শিকার হয়েছেন ২০ অক্টোবর ভোর সাড়ে ৫টায় ইউনিলিভারের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আব্দুল মালেক বার্জার পেইন্টসের সামনের সড়কে। সড়কে থেমে থাকা সারিবদ্ধ ট্রাক এবং সড়কেই গড়ে ওঠা ঝুপড়ি দোকানের আড়ালে লুকিয়ে থাকে দেশীয় অস্ত্রে সজ্জিত ছিনতাইকারীচক্র। যদিও সেখান থেকে বাদামতল মোড়ে পুলিশ বক্স ও পুলিশ দেখা যায়, তারা তৎপর হলে পথে-প্রান্তরে অহরহ ছিনতাইয়ের ঘটনা দেখা যেত না।
সংশ্লিষ্ট এলাকার পথচারীদের স্বচ্ছন্দ যাতায়াতের স্বার্থে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা সবার।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ্
বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম
