ছৌ শিল্পীকে কেন্দ্রের সম্মানEi Samay
Published on
:
1 min read
এই সময়, পুরুলিয়া: পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার হাত ধরে পুরুলিয়ার ছৌ শিল্পে যে গৌরবের যাত্রা শুরু হয়েছিল, তাতে যুক্ত হল আরও এক নতুন মাইলফলক। বাঘমুন্ডির চড়িদা গ্রামের পাশেই কুশলডি গ্রামের তরুণ ছৌ শিল্পী সোমনাথ মাহাতোকে ‘ওস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার’ দিয়ে সম্মানিত করল কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক। ১৯ অক্টোবর মহাষ্টমীর দিন দিল্লির রবীন্দ্র ভবনে এই উদীয়মান প্রতিভার হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
এর আগে ২০২৪ সালে সোমনাথের বাবা তথা প্রখ্যাত ছৌ শিল্পী সাধুচরণ মাহাতোও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ‘সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার’ পেয়েছিলেন। ছৌ গবেষক উৎপলকুমার দাস বলেন, ‘পুরুলিয়ায় এরকম নজির নেই যে বাবা-ছেলে দু’জন কেন্দ্রীয় সম্মানে সম্মানিত হয়েছে। নিঃসন্দেহে এঁরা আমাদের গর্ব।’
বাবার দলেই ছৌ নাচে হাতেখড়ি হয়েছিল সোমনাথের। ১২ বছর বয়স থেকেই দলের সঙ্গে বাইরে যাওয়া শুরু করেন তিনি। রাঁচির সিল্লি কলেজ থেকে ভূগোলে স্নাতক হওয়ার পরে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় থেকে ছৌ নাচে ডিপ্লোমাও করেছেন বছর পঁচিশের এই তরুণ। ইতিমধ্যেই জাপান ও মঙ্গোলিয়ার মতো দেশেও নাচের নৈপুণ্য দেখিয়ে প্রসংশা কুড়িয়েছেন তিনি। মহিষাসুরমর্দিনী পালায় দুর্গা, কার্তিক ও অসুর চরিত্রে অত্যন্ত সাবলীল সোমনাথ নাচ ছাড়াও ছৌয়ের বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোতেও সমান পারদর্শী।
