খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন, নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা
বর্ণিল নাচ-গান ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। রোববার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মানিকছড়ি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ও মাটিরাঙ্গা পৌরসভা একাদশ। এবারের টুর্নামেন্টে মোট নয়টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূইয়া বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে খাগড়াছড়িতে একটি নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা। বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, তরুণ খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা আরও জোরদার হবে।
এই বাংলা/এমএস
