ভারতকে ভেঙে ফেলার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। চলমান আন্দোলন ও দেশভাঙার চেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) মহারাষ্ট্রের নাগপুরে বিজয়া দশমী উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার পরিবর্তন হলেই পরিস্থিতি বদলে যাবে—এমন ধারণা ভুল।
ভাগবত বলেন, গত কয়েক দশকে দৃঢ় নীতির মাধ্যমে ভারত যেভাবে এগিয়েছে, তা বাধাগ্রস্ত করতে না পেরে কিছু শক্তি দেশটিকে ভেঙে ফেলার চেষ্টা করছে। তার দাবি, ভারত ও আরএসএসকে দুর্বল করাই এসব শক্তির লক্ষ্য।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে চলমান বিক্ষোভের মধ্যেই এ মন্তব্য করলেন তিনি।
ভাগবত বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত বা উসকানিমূলক আন্দোলন উত্তেজনা, বিশৃঙ্খলা ও জনশৃঙ্খলার অবনতি ঘটায়। তার মতে, বিক্ষোভের পরিবর্তে সমাজের ভেতর থেকেই সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত।
‘পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে ঝড়’
আরএসএস প্রধান বলেন, ভারতকে উন্নত দেশ হওয়ার পথ থেকে সরিয়ে দিতে চায়—এমন শক্তির বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিশ্বের অনেক শক্তি চায় ভারত যেন এগিয়ে যেতে না পারে। পশ্চিম দিক থেকে এমন একটি ঝড় ধেয়ে আসছে, যা সংস্কৃতি, ব্যবস্থা ও নিরাপত্তাকে ধ্বংস করতে চায়।
এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ, নেপাল ও ফ্রান্সের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার উদাহরণ দেন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালেও জেন-জি আন্দোলনের মুখে কে পি শর্মা ওলির সরকারের পতন হয়।
অন্যদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবা নিয়ে অসন্তোষের জেরে ফ্রান্সেও ব্যাপক বিক্ষোভ হয়েছে।
ভাগবতের দাবি, ভারতের ভেতরেও কিছু মানুষ এসব শক্তির মনোভাবের সঙ্গে একমত। তাদের মধ্যে ক্ষমতার প্রতি প্রবল আকাঙ্ক্ষা রয়েছে বলেও মন্তব্য করেন আরএসএস প্রধান।