অনলাইন ডেস্ক
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।
এর আগে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই রায়ে অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু আছিয়া নির্যাতনের শিকার হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত শেষ হয়। রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষ্য দেন এবং গত বছরের ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।
বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ায় তা অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পরে ডেথ রেফারেন্স ও আসামির আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
