দেশের ইলেকট্রনিক্স পণ্য বিতরণ ব্যবসায়ীদের ঐক্য সুদৃঢ় করা, ব্যবসায়িক অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং ন্যায্য মুনাফা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (EPDAB)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬। সভায় সংগঠনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হারুনুর রশিদ।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম নূরনবী কবির। এ ছাড়া সংগঠনের আহ্বায়ক আবুল কাশেম খোকন, সদস্য সচিব মোহাম্মদ একরামুল হক পাটোয়ারীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলেকট্রনিক্স খাতের ব্যবসায়ীরা সভায় অংশ নেন।
সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ঐক্য সুসংহত করা এবং ইলেকট্রনিক্স খাতের উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের সংবিধান ও নীতিমালা অনুসরণ করে ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে সভায় নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন মফিজুর রহমান ও মহিউদ্দিন রানা। অন্যদিকে, আপিল বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মোরসুদুল্লাহ। এ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কবির হাওলাদার ও সৈয়দ মো. করিম।
সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচনী ও আপিল বোর্ডের তত্ত্বাবধানে সংগঠনের সংবিধান ও নীতিমালা অনুযায়ী সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে একটি যোগ্য, দক্ষ ও গ্রহণযোগ্য কেন্দ্রীয় কমিটি গঠিত হবে, যা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
সংগঠনের আহ্বায়ক আবুল কাশেম খোকন বলেন, EPDAB-এর মাধ্যমে দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা প্রয়োজনীয় সহযোগিতা, দিকনির্দেশনা ও পারস্পরিক সমর্থন পাবেন। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করার পাশাপাশি ইলেকট্রনিক্স খাতের বিকাশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যেন বৈষম্যহীন পরিবেশে ন্যায্য ও যৌক্তিক মুনাফা অর্জন করতে পারেন, সে বিষয়টি সংগঠনের কার্যক্রমে বিশেষ গুরুত্ব পাবে। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে সংগঠনটি সম্মিলিতভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক অধিকার রক্ষা, ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা এবং এ খাতের টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ব্যবসায়ীরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য ব্যবসায়িক পরিবেশ প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (EPDAB)-এর বাণিজ্য সংগঠন লাইসেন্স নম্বর ১৩/২০২৬ এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট নম্বর ১০৭৪/২০২৬। প্রেস বিজ্ঞপ্তি: আবুল কাশেম খোকন, আহ্বায়ক, EPDAB। কেন্দ্রীয় কার্যালয়: বায়তুল আবেদ বিল্ডিং, পুরানা পল্টন, ঢাকা।ই-মেইল: epdabbd@gmail.com ওয়েবসাইট: www.epdab.com
The post ইপিডিএবি- এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
