আজকাল ওয়েবডেস্ক: ইয়েমেন যাওয়ার পথে ডিজিবুটি উপকূলের কাছে কমপক্ষে ৩৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে৷ ঘটনায় অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন। মৃতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এই ঘটনায় দেশজুড়ে হুলুস্থুল।
রবিবার একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে (আইওএম), গত ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে উত্তর ওবক শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। জীবিত উদ্ধার হয়েছে কমপক্ষে ৮০ জনেরও বেশি মানুষ। জানা গিয়েছে, তাঁরা সকলেই ইথিওপিয়ার নাগরিক।
আইওএম-এর মতে, পশ্চিম এশিয়ায় অস্থিরতা এবং চরম দারিদ্রের কারণে ইথিওপিয়া ও সোমালিয়ার অভিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে বিপজ্জনক সামুদ্রিক পথে পারস্য উপসাগরীয় দেশগুলিতে পাড়ি দিচ্ছেন। সংস্থাটি উদ্ধারকাজে সহায়তার জন্য আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে।
https://www.youtube.com/watch?v=niKbkoeEkKI
আইওএম-র মুখপাত্র কেনেডি ওমন্ডি ওকোথ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই বিপজ্জনক যাত্রায় শামিল হওয়া মানুষদের বেশিরভাগই ইথিওপিয়া কিংবা সোমালিয়ার বাসিন্দা। ঘটনার দিন গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের একটি বড় অংশ ডিজিবুটিতে আটকে পড়েন।
পরিস্থিতি মোকাবিলায় একাধিক আন্তর্জাতিক গোষ্ঠী ও অংশীদার দেশগুলির কাছে ডিজিবুটিকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর আর্জি জানিয়েছে সংস্থাটি, যাতে উদ্ধার অভিযান এবং জরুরি ত্রাণ বণ্টন ব্যবস্থা আরও জোরদার করা সম্ভব হয়।
