যন্তর মন্তরে গোপনে প্রবেশের সময় ফের আটক ‘আরশোলা’দের দুই শীর্ষনেতা। আটক করা হল ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে। সোমবারই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্দেশিকা দিয়েছে সেই মন্ত্রকেরই অধীনে থাকা দিল্লি পুলিশ। যন্তর মন্তরের বদলে রাজধানীর তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে— রামলীলা ময়দান, বুরারি মাঠ, পূর্ব দিল্লির সিবিডি। এ বার থেকে ওই তিন জায়গায় কর্মসূচি পালন করা যাবে।
কিন্তু প্রতিবাদের স্থান হিসেবে স্বীকৃতি হারানো সেই যন্তর মন্তরেই মঙ্গলবার গেট টপকে প্রবেশের চেষ্টার সময় দিল্লি পুলিশ সিজেপি নেতা সৌরভ এবং আশুতোষ রাঙ্কাকে আটক করে। আটক হওয়ার আগে রাঙ্কা এক্সে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োয় তাঁকে, দাসকে এবং আরও কয়েক জন সমর্থককে গোপনে যন্তর মন্তরের ভিতরে ঢুকতে দেখা যায়। এর পরেই তাঁদের আটক করা হয় বলে খবর।
ভিডিয়োয় দেখা গিয়েছে, যন্তর মন্তরের গেট টপকে ভিতরে ঢুকছেন সৌরভ এবং রাঙ্কা। সঙ্গে রয়েছেন সিজেপির বেশ কয়েক জন সমর্থক। ভিতরে ঢুকে জাতীয় পতাকা তুলে ধরেন তাঁরা। এর পরেই ধরপাকড় শুরু হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
উল্লেখ্য, সোমবারই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সিজেপি নেতারা। অনুমতি না মেলায় আবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথাও জানিয়েছিলেন সিজেপি নেতৃত্ব। তার পরের দিনই বন্ধ যন্তর মন্তরে ঢুকে আটক হলেন সিজেপি-র যুগ্ম আহ্বায়ক সৌরভ এবং আশুতোষ।
এর আগে শনিবার ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর সংক্রান্ত অভিযোগ এবং ভারতের নির্বাচন কমিশনের কার্যপদ্ধতির বিরোধিতায় যন্তর মন্তরে সিজেপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির ঠিক আগেই আটক করা হয় অভিজীত দিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে। দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। বিমান থেকেই আটক করা হয় তাঁদের।
