ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসেন তিনি, আর সেই ভালোবাসার টানেই জীবনের প্রথম দীর্ঘ ইউরোপযাত্রায় পাড়ি জমিয়েছিলেন ছোট পর্দার প্রতিভাবান অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। প্রায় ৪৫ দিনের এই দীর্ঘ সফরে তিনি নান্দনিক দেশগুলোর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন। তবে ভ্রমণের সেই রঙিন দিনগুলো শেষ হতেই আর এক মুহূর্তও জিরিয়ে নেওয়ার ফুসরত পাননি। দেশে ফিরেই নেমে পড়েছেন চিরচেনা শুটিংয়ের ব্যস্ততায়।
দীর্ঘ দেড় মাসের সফর শেষে যখন কোনো তারকা দেশে ফেরেন, সাধারণত ক্লান্তি কাটাতে কয়েক দিনের বিরতি নেন। কিন্তু উর্বীর ক্ষেত্রে গল্পটা ছিল ভিন্ন। সফর শেষ করে বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপকে বিদায় জানানোর কিছুটা মন খারাপের সুর মিললেও, দেশে পা রেখেই তিনি শতভাগ পেশাদার। জটলা পাকানো শিডিউল আর পরিচালকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে ব্যাগ গুছিয়ে সোজা চলে গেছেন নাটকের ইনডোর শুটিং স্পটে।
শুটিংয়ে ফেরার পরই সম্প্রতি একটি নাটকের দৃশ্যায়ন করতে গিয়ে এক অনাকাক্সিক্ষত ও দুর্ঘটনার শিকার হন উর্বী। একটি দৃশ্যে হাসপাতালের বেডে শুয়ে অভিনয় করার সময় চিত্রগ্রাহক (ডিওপি) ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ সরাসরি তার মুখের ওপর পড়ে যান। এতে নাকে প্রচ- আঘাত পান তিনি এবং নাক বেশ ফুলে যায়।
যেকোনো সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে কাজ বন্ধ রাখতেন, কিন্তু উর্বী তার অদম্য পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ফের শুটিং করেছেন এবং পরের দিনও সেটে অংশ নিয়েছেন। টিম এবং পরিচালকের যেন কোনো আর্থিক ক্ষতি বা শিডিউল বিপর্যয় না হয়, সেই ভাবনা থেকেই এই কষ্ট মেনে নিয়েছেন তিনি। রাসেল আজমের পরিচালনায় ‘মনের মতো’ নামের একটি নাটকে আরশ খানের বিপরীতে কাজ করেছেন এই অভিনেত্রী।
ভ্রমণ থেকে ফিরে একের পর এক নতুন নাটকের কাজ হাতে নিয়েছেন উর্বী। ওটিটি এবং টেলিভিশনের জন্য বেশ কিছু বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং চরিত্রে তাকে দেখা যাবে। উর্বীর মতে, এই দীর্ঘ ভ্রমণ তার মনের ক্লান্তি দূর করে অভিনয়ে নতুন শক্তি জুগিয়েছে। আর তাই দ্বিগুণ উৎসাহে দর্শকদের জন্য ভালো কিছু কাজ উপহার দিতে চান তিনি।
গতকাল শুটিং সেট থেকে প্রিয়ন্তী উর্বী রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি ভালো আছি। গুরুতর কিছু হয়নি। যে পরিমাণে নিউজ হয়েছে সেটা কিন্তু আমি চাইনি। আর যে দুর্ঘটনা হয়েছে তা এত বড় না। অনেক গণমাধ্যম লিখেছে আমি নাকি হাসপাতালে। আমি এ নিয়ে নিউজ চাইনি, যা বলার ভক্তদের পোস্টে বলেছি। প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় শুটিং করি। এই মূহূর্তে শুটিং থেকেই কথা বলছি।’
তিনি আরও বলেন, ‘৪৫ দিনের ছুটি শেষে কাজে ফিরেছি। আর সামনে যেহেতু ঈদ একটানা শুটিং করব। দম ফেলার সময় নেই। সামনে দর্শকরা আমাকে বেশকিছু গল্পে দেখতে পাবে।’
ছোট পর্দায় তুমুল ব্যস্ত উর্বী। সবার মতো তারও নিয়মিত চলচ্চিত্রে কাজের আগ্রহ রয়েছে। সে কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সিনেমা করতে চাই আবার ভয়ও লাগে। সিনেমা যদি দর্শক গ্রহণ না করে তাহলে নাটকে ফেরাও সম্ভব হবে না। যে কারণে ভয় পাচ্ছি। সিনেমা হচ্ছে বাজির মতো। তাই বুঝেশুনে চলচ্চিত্রে ব্যস্ত হতে চাই।’
প্রিয়ন্তী উর্বী ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। ২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ‘বুক পকেটের গল্প’ ও ক্লোজআপ কাছে আসার গল্পের নাটকে অভিনয় করে নজর কাড়েন তিনি। অল্প দিনের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন একাধিক নাটক এবং ওয়েব সিরিজে। ‘নীলচক্র’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ভালো গল্প ও চরিত্র পেলে ছোট পর্দার মতো বড় পর্দায়ও নিয়মিত অভিনয় করতে চান হাস্যোজ্জ্বল উর্বী।
