ভারতের জাতীয় দলের ক্রিকেটার শুবমান গিল, শ্রেয়াস আইয়ার ও অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের রূপান্তরিত কন্যা ক্রিকেটার আনায়া বাঙ্গার। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কৃষ্ণানক আত্রের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে ‘কিল, ম্যারি, হুকআপ’ এই তিনটি বিকল্পের মধ্যে তিন ক্রিকেটারকে বেছে নিতে বলা হলে নিজের পছন্দের কথা জানান তিনি। তার সেই উত্তর ঘিরেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
আনায়াকে প্রশ্ন করা হয়, শ্রেয়াস আইয়ার, অভিষেক শর্মা ও শুভমান গিলের মধ্যে কাকে ‘খুন’, কাকে ‘বিয়ে’ এবং কার সঙ্গে ‘হুকআপ’ করতে চাইবেন তিনি। জবাবে আনায়া বলেন, ‘শ্রেয়াস আইয়ারকে খুন, অভিষেক শর্মাকে বিয়ে এবং শুভমান গিলের সঙ্গে হুকআপ।’
প্রশ্নটি ছিল প্রচলিত একটি বিনোদনমূলক খেলা, যেখানে কাল্পনিক পরিস্থিতিতে তিনজনকে তিনটি ভিন্ন বিকল্পে বেছে নিতে হয়। আনায়ার উত্তরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
সঞ্জয় বাঙ্গারের সন্তান আনায়া নিজেও ক্রিকেটের সঙ্গে যুক্ত। আগে মুম্বাইয়ের হয়ে ছেলেদের বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন তিনি। ২০২২ সালে শুরু হওয়া তার লিঙ্গান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের মার্চে জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি করান।
এখন আবারও ক্রিকেটে ফেরার পরিকল্পনা করছেন আনায়া। এ জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার কথাও ভাবছেন তিনি। পেশাদার নারী ক্রিকেটে খেলার সুযোগ পেতে অস্ট্রেলিয়ার ক্রিকেটের নীতিমালার দিকে তাকিয়ে রয়েছেন আনায়া।
লিঙ্গান্তর প্রক্রিয়ার পর অনলাইনে হয়রানির শিকার হওয়ার বিষয়েও কথা বলেছেন আনায়া। তার ভাষ্য, ‘তারা আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি।’