দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, মাটিরাঙ্গা উপজেলায় প্রথম পর্যায়ে তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালাল। এছাড়া মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
