গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের টানা প্রচেষ্টার পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের টানা চেষ্টার পর দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করা হয়েছে।
আজ সকালে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২০টিতে উন্নীত করা হয়। পরে পরিস্থিতি সামাল দিতে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের সঙ্গে সরাসরি উদ্ধারকাজে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। উদ্ধার করে তাদের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের মূল কারণ এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
