সাংবাদিক বৈঠকে আল শোর্তার কোচ ও ফুটবলারছবি: Facebook/AlshortaSC1932
Published on
:
2 min read
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (AFC Champions League 2) হাইভোল্টেজ ম্যাচে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল এফসি-র মুখোমুখি হতে চলেছে ইরাকের শীর্ষ দল আল শোর্তা এসসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে নামার চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে এসে প্রতিপক্ষকে সমীহ করলেও তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার হুংকার দিলেন ইরাকের ক্লাবের হেড কোচ সামি ত্রাবেলসি এবং মিডফিল্ডার বাসাম শাকের আহমেদ।
‘ইন্ডিয়ান ফুটবল এখন অনেক উন্নত, ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী’
ইস্টবেঙ্গলকে নিয়ে তাদের হোমওয়ার্ক যে বেশ পাকা, তা শুরুতেই স্পষ্ট করে দেন আল শোর্তার তিউনিশীয় কোচ। ত্রাবেলসি বলেন, ‘এটা খুবই কঠিন একটা ম্যাচ হতে চলেছে। আমরা ওদের বেশ কয়েকটি ম্যাচ দেখেছি। ভারতীয় ফুটবলের মান এই মুহূর্তে অনেকটাই উন্নত হয়েছে। ইস্টবেঙ্গল দল হিসেবে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলছে, প্রচুর গোলও করছে। ওদের স্কোয়াডে ব্যক্তিগত দক্ষতাসম্পন্ন একাধিক বিপজ্জনক খেলোয়াড় রয়েছে—ভালো স্ট্রাইকার এবং মিডফিল্ডার আছে। তবে আমরা এখানে ড্র করতে আসিনি, সম্পূর্ণ ইতিবাচক ফলাফল এবং তিন পয়েন্ট পেতেই মাঠে নামব।’
ইস্টবেঙ্গলের কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে চিহ্নিত করতে না চাইলেও তিনি জানান, দলের আক্রমণভাগের ফুটবলারদের পাশাপাশি সদ্য ব্রাজ়িলের বিরুদ্ধে খেলা ভারতীয় ফুটবলাররা যথেষ্ট প্রতিভাবান। একই সঙ্গে কলকাতার আতিথেয়তা এবং অনুশীলনের মাঠ দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
আবহাওয়া নিয়ে অজুহাত নয়, ক্লান্তিই একমাত্র বাধা
কলকাতার আর্দ্রতা ও গরম প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোচ বলেন, ‘ইরাকের আবহাওয়া এর চেয়েও বেশি গরম। সেখানে মাঝে মাঝে ৪৫ ডিগ্রি সেলসিয়াস গরমেও আমাদের খেলতে হয়। তবে কলকাতার আবহাওয়ায় কাতার বা সৌদি আরবের মতো আপেক্ষিক আর্দ্রতা রয়েছে। আবহাওয়া নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। মূল সমস্যা হলো ম্যাচ সূচি। আমরা গত এক মাসে প্রায় ৯টির বেশি ম্যাচ খেলে ফেলেছি। প্রতি তিন-চার দিন অন্তর খেলা এবং কাতার থেকে টানা ১২-১৩ ঘণ্টার বিমান যাত্রার কারণে কিছুটা শারীরিক ক্লান্তি রয়েছে। তবে এত ম্যাচ খেলার ফলে দলের বোঝাপড়া ও ম্যাচ-ফিটনেস দারুণ জায়গায় আছে।’
‘নাম দেখে ফুটবল হয় না, লড়াই ১১ জনের বিপক্ষে’
ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারদের দেরিতে যোগ দেওয়া বা ফিটনেস ঘাটতি কি আল শোর্তাকে বাড়তি সুবিধা দেবে? এমন প্রশ্নে প্রতিপক্ষকে বিন্দুমাত্র খাটো করতে নারাজ ত্রাবেলসি। তিনি স্পষ্ট বলেন, ‘ওদের সাতজন না ছয়জন বিদেশি—সেটা আমাদের ভাবনার বিষয় নয়। মাঠে নামবে ১১ জন খেলোয়াড়। আমরা কোনও দল বা খেলোয়াড়ের নামের বিরুদ্ধে খেলি না, লড়াইটা হবে ১১ বনাম ১১ জনের। অনেক সময় নিয়মিত একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে নেমে নিজেদের সেরাটা উজার করে দেয়। যুবভারতীতে বিপুল দর্শক থাকবে, যা ওদের দলের জন্য বড় শক্তি। তাই বাড়তি সুবিধার তত্ত্বে আমরা বিশ্বাসী নই।’
জার্সি বদলছবি: Facebook/AlshortaSC1932
২০১৭ বিশ্বকাপের স্মৃতি ও জয়ের প্রত্যয় বাসামের
দলের তারকা মিডফিল্ডার বাসাম শাকের আহমেদ ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সময় এই যুবভারতী ক্রীড়াঙ্গনেই ম্যাচ খেলেছিলেন। পুরনো মাঠে ফেরা নিয়ে উচ্ছ্বসিত বাসাম বলেন, ‘২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আমি এই মাঠেই খেলে গিয়েছিলাম। তাই এখানে খেলার অভিজ্ঞতা আমার রয়েছে। গত ছয় বছর ধরে আমি আল শোর্তার হয়ে খেলছি। ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে এবং ওদের হয়ে বড় সমর্থক থাকবে। তবে আমাদের দলের প্রত্যেকে তৈরি। পরিকল্পনা মতো খেলে আমরা এখান থেকে পুরো তিন পয়েন্ট নিয়েই ফিরব।’
গ্রুপ পর্বের শুরুতেই কোনও দলকেই এগিয়ে বা পিছিয়ে রাখতে নারাজ আল শোর্তা শিবির। তবে আগামী সপ্তাহের কঠিন সূচির কথা মাথায় রেখে যুবভারতীর মাঠ থেকেই পূর্ণ পয়েন্ট নিয়ে অভিযান শুরু করতে মরিয়া ইরাকের চ্যাম্পিয়নরা।
