ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষ চলে। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে তাঁর গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাঁদের জমি থেকে ঘাস কাটার অভিযোগে আলমগীরকে মারধর করেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে বিরোধ মীমাংসার জন্য সন্ধ্যায় গ্রামে সালিশ বৈঠক বসে। বৈঠকে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
The post গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ appeared first on ভোরের চেতনা.
