তুরস্ক, কাতার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সহযোগিতা আরও গভীর করতে এবং অংশীদারিত্বের বিকাশ ঘটাতে দোহায় দেশগুলো ‘বদর সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এটি সামরিক উৎপাদনে সহযোগিতা বৃদ্ধি, সামরিক সক্ষমতা জোরদার এবং প্রযুক্তিগত সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে সহায়তা করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতিটি দেশের অনন্য সামরিক উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে এই উদ্যোগ সহযোগিতা ও একীকরণকে সহজতর করবে, প্রতিরক্ষা শিল্প ক্ষমতা বাড়াবে এবং মিত্র ও বন্ধুভাবাপন্ন দেশগুলোর চাহিদা পূরণে সক্ষমতা আনবে।
ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী এবং শক্তিশালী প্রতিরক্ষা শিল্পের দেশ তুরস্ক ইরান যুদ্ধের মধ্যে কাতারসহ উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা জোরদারে সহায়তা করে আসছে। তুরস্কে কাতারের একটি সামরিক ঘাঁটিও রয়েছে।
এর আগে গত আগস্টে তুরস্ক পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান এবং সৌদি আরবের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তি অনুযায়ী, যেকোনো এক পক্ষের ওপর হামলা সব পক্ষের ওপর হামলা হিসেবে গণ্য হবে। এছাড়া প্রতিরক্ষা শিল্পে বিশেষ করে ইন্দোনেশিয়ার সঙ্গেও তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বদর চুক্তিটি দেশগুলোর প্রতিরক্ষা শিল্পের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং নিরাপত্তা প্রচার ও অভিন্ন লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াবে।
সূত্র: রয়টার্স
