লেবানন সীমান্তে অবিস্ফোরিত বস্তু বিস্ফোরিত হয়ে এক ইসরায়েলি শিক্ষার্থী নিহত ও ২৪ জন আহত হয়েছেন। যারমধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গতকাল সোমবার (১২ অক্টোবর) এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের একটি দল লেবানন সীমান্তের কাছে শিক্ষা সফরে যায়। সেখানে নিহত শিক্ষার্থী নিজের হাতে একটি অবিস্ফোরিত বস্তু নেয়। এরপরই এটি বিস্ফোরিত হয়।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া বোমা বা বিস্ফোরক ছিল এটি। কিন্তু এতদিন অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল এটি।
এ ঘটনার পর সীমান্তে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সরকার।
গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দখলদার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়। এতে করে দক্ষিণ লেবাননে যুদ্ধ বন্ধের পথ তৈরি হয়। তবে এখনো সীমান্ত অঞ্চলটি স্থিতিশীল হয়নি।
যুদ্ধবিরতি অনুযায়ী, হিজবুল্লাহর জায়গায় লেবাননের সীমান্ত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথা ছিল দেশটির সেনাবাহিনীর। অপরদিকে ইসরায়েলি সেনাদের কথিত ইয়েলো জোনে সরে যাওয়ার কথা ছিল।
আরও পড়ুন
ইসরায়েলি সেনাবাহিনী তাদের প্রাথমিক তথ্যে জানিয়েছে, হিজবুল্লাহ এ বোমাটি ছুড়েছিল। তবে এটি কবে ছোড়া হয় সেটি স্পষ্ট করতে পারেনি তারা।
সেনাবাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, আহতদের সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
ইসরায়েলের ডেপুটি পুলিশ কমিশনার মেইর ইলিয়াহু বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “দেখে মনে হচ্ছে, কোনো ধরনের অবিস্ফোরিত বস্তু এক শিক্ষার্থীর হাতে বিস্ফোরিত হয়েছে।
গতকাল এ ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও অন্যান্য কর্মকর্তারা আহতদের দেখতে হাসপাতালে যান। তাদের ভিন্ন তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: সিএনএন
এমটিআই
