স্টাফ করেসপন্ডেন্ট
ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবীদের সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নতুন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠনে ‘দলীয়করণের’ অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফডিইবির সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন ,গত ১৯ অক্টোবর সমাজকল্যাণ অধিদপ্তর থেকে ৩৭ সদস্যবিশিষ্ট আইডিইবির একটি নতুন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। যার স্মারক নং-৪১.০০.০০০০.০০০.০৪৬.২৭.০০২৮.২২.৮০২। অথচ এই ধরনের প্রক্রিয়ায় কোন কমিটি করার এখতিয়ার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেই।
বিবৃতিতে এফডিইবি নেতারা বলেন, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর ৯(২) ধারা অনুযায়ী, সাময়িকভাবে বরখাস্তকৃত পরিচালকমণ্ডলীর পরিবর্তে সর্বোচ্চ পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি নিয়োগের বিধান রয়েছে। অতএব, ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন উক্ত ধারার বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
নেতারা বলেন, এই কমিটি শতভাগ সরকারদলীয় লোকেদের নিয়ে গঠন করা হয়েছে, যা একটি জাতীয় পেশাজীবী সংগঠনের নেতৃত্ব নির্ধারণে একপেশে প্রতিনিধিত্ব এবং সংগঠনের গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ সদস্যদের আস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই কমিটিকে ‘অগঠনতান্ত্রিক, একপেশে ও অবৈধ’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানায় এফডিইবি।
আইডিইবিতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি এবং সদস্যদের আস্থা ফেরাতে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনসহ তিন দফা দাবি পেশ করেছে এফডিইবি।
দাবিগুলো হলো:
১. গত ১৯ অক্টোবর গঠিত ‘একদলীয়’ কমিটি বাতিল করে নির্বাচন পরিচালনার জন্য নতুন করে সকল মত ও পথের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে ৯ সদস্যের একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে।
২. পূর্ববর্তী নির্বাচনী প্রক্রিয়া স্থগিতের কারণ প্রকাশ্যে এনে সেই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার নির্দেশ দিতে হবে।
৩. উক্ত ৯ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।
