১৩ অক্টোবর কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগের আগাম প্রস্তুতি, জরুরি মুহূর্তে করণীয় এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম, কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি র্যালি বের করা হয়। পরে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল তুলে ধরে মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, নিরাপদে অবস্থান নেওয়া এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা একটি দেশ। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সবার সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি পরিবার থেকেই শুরু করতে হবে।
তাঁরা আরও বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করা, নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি নিশ্চিত করা এবং নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
The post কালিহাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন appeared first on ভোরের চেতনা.
