সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের গসিপপ্রেমীদের জন্য চলতি মরসুমের সবথেকে বড় চমক— করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর উদ্বোধনী পর্ব। আর সেই প্রথম পর্বেই অতিথি হয়ে এলেন খোদ ‘ভাইজান’ সলমন খান! শোয়ের শুরুতেই করণ জোহর অকপটে স্বীকার করে নেন যে, সলমনের সামনে এলে আজ তাঁর বুক কাঁপতে শুরু করে, অদ্ভুত এক স্নায়ুর চাপে ভুগে ওঠেন তিনি।কিন্তু কেন এই আতঙ্ক? করণের এই প্রশ্নের মুখে এক মুহূর্তও না ভেবে সলমন ফাঁস করে দেন সেই পুরনো ইতিহাসের পাতা, যা একসময় কাঁপিয়ে দিয়েছিল গোটা বলিউডকে।
শো চলাকালীন করণ জোহর সলমনকে উদ্দেশ করে বলেন, “আমায় কেউ আপনার মতো এত বেশি স্ট্রেসড, নার্ভাস আর হাইপার করে তুলতে পারে না। জানি না কেন, আজ পর্যন্ত এটা বদলাল না।” উত্তরে স্বভাবসিদ্ধ ঢঙে সলমন পাল্টা প্রশ্ন করেন, “এটা কি তোমার নিজের দোষে, না কি অন্য কারও জন্য?” এর পরেই খোলসা করে ভাইজান বলেন, “আমি জানি শাহরুখের জন্যই তুমি আমাকে ভয় পেতে। তবে এখন তোমার ভয় পাওয়ার বা স্ট্রেস নেওয়ার কোনও কারণ নেই। কারণ দীর্ঘকাল ধরেই আমাদের সম্পর্ক অত্যন্ত ভাল রয়েছে।”
তবে অতীত যে সবসময় এমন মধুর ছিল না, তাও স্বীকার করতে পিছপা হননি অভিনেতা। সলমন স্পষ্ট জানান, এক সময় তাঁর ও শাহরুখের সম্পর্কের সমীকরণ বেশ তিক্ত ছিল। আর সেই সময়ই করণের মধ্যে যে ভয় কাজ করত, তার আসল কারণ ছিলেন শাহরুখ খান!
বলিউডের ইতিহাসের অন্যতম বড় বিতর্ক হল ২০০৮ সালে ক্যাটরিনা কইফের জন্মদিনের পার্টিতে সলমন ও শাহরুখের সেই মর্মান্তিক ঝামেলা। পার্টিতে মদের নেশায় চুর হয়ে সলমন নাকি শাহরুখের একটি টিভি শো নিয়ে কটূক্তি করেছিলেন। শুধু তাই নয়, শাহরুখকে 'মতলববাজ' বা স্বার্থপর বলে দাগিয়ে সলমন অভিযোগ করেছিলেন যে, নিজের প্রয়োজনেই কেবল তিনি লোকজনকে ফোন করেন, বাকি সময় যোগাযোগ রাখেন না।
https://www.youtube.com/watch?v=OjH_Qfsu904&t=185s
জানা যায়, সলমনের এই ক্ষোভের মূল কারণ ছিল অন্য এক জায়গায়। তাঁর কিছুদিন আগেই শাহরুখ সলমনের ছবি ‘ম্যাঁয় ঔর মিসেস খান্না’-তে একটি অতিথি চরিত্রে অভিনয় করতে অস্বীকার করেছিলেন। অথচ এর বদলা হিসেবে সলমন কিন্তু এর আগে হাসিমুখে শাহরুখের 'ওম শান্তি ওম' ছবিতে ক্যামিও করেছিলেন এবং শাহরুখ যখন 'কৌন বনেগা ক্রোড়পতি' হোস্ট করছিলেন, তখন ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে সেই শোয়ে অতিথি হিসেবেও হাজির হয়েছিলেন সলমন। এর পাল্টা জবাব দিতে গিয়ে শাহরুখও সেদিন সলমনের গেম শো 'দস কা দম' নিয়ে ব্যঙ্গ করেছিলেন।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সলমন নাকি শাহরুখকে ঘুষি মারার হুমকি পর্যন্ত দিয়ে বসেছিলেন। অন্যদিকে শাহরুখও মেজাজ হারিয়ে বলে দেন যে, সলমনের নিজের পার্টিতেই তাঁকে মারধর করবেন তিনি। চরম উত্তেজনার মুহূর্তে শাহরুখপত্নী গৌরী খান নিজে এসে পরিস্থিতি সামাল দেন এবং তাঁর স্বামীকে তৎক্ষণাৎ পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরবর্তীকালে গুঞ্জন শোনা গিয়েছিল, এই ঝামেলার পিছনে আরও একটি কারণ ছিল— সলমন নাকি দাবি করেছিলেন যে, শাহরুখ নাকি ঐশ্বর্য রাই বচ্চন সম্পর্কে কুৎসা রটিয়েছিলেন।
বলিউডের দুই মেগাস্টারের এই শীতল যুদ্ধ দীর্ঘ পাঁচ বছর ধরে চলেছিল। অবশেষে ২০১৩ সালে প্রয়াত রাজনীতিবিদ বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে সমস্ত দূরত্ব ঘুচে যায়। ক্যামেরার সামনেই আলিঙ্গনাবদ্ধ হন দুই বন্ধু। তবে আশ্চর্যের বিষয় হল, এই ঘটনার পর দীর্ঘ বছর কেটে গেলেও আজ পর্যন্ত সলমন বা শাহরুখ— কেউই কোনও সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেননি। রাতের ওই অন্ধকার ঘরে ঠিক কী ঘটেছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আজও কেবল মিডিয়ার পাতার পুরনো ফাইল আর গুঞ্জনেই বন্দি।
