আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গত দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাবে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দীর্ঘদিন চড়া রাখতে পারে- এমন ভাবনায় বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি বাড়িয়ে দিয়েছেন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৫৫ দশমিক ৬৯ ডলারে নেমে এসেছে।
সৌদি আরবে হুতিদের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেল ও জ্বালানির এই মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করেছে।
সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও, সুদের হার বেশি থাকলে সুদমুক্ত এই ধাতুতে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার চড়া রাখতে পারে- এই আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিচ্ছেন।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৫ দশমিক ২৮ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে এক হাজার ৫৮২ দশমিক ৬০ ডলার এবং প্যালেডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে এক হাজার ৬০ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ
৭ ঘন্টা আগে
১২ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
