বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিমা রহমান বলেছেন, নারীর মর্যাদা ও পরিবারে তার নেতৃত্ব সুদৃঢ় করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করেছেন। নারী যেন নিজেকে সমাজের একজন সম্মাননীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন সেই উদ্দেশ্যে নিয়েই এ কার্ড।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
নগর ভবনের সভাকক্ষে প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির নীতি নির্ধারনী ফোরামের নেত্রী বেগম সেলিমা রহমান আরও বলেন, মা সচেতন হলে পরিবারের অর্ধেক তথা পুরো প্রজন্ম সচেতন হয়ে উঠবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বিগত ১৭ বছরের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশের নৈতিক মূল্যবোধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হারিয়ে যাওয়া নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ পুনরায় ফিরিয়ে আনাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ।
বরিশাল সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে বেগম বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গত সাত মাসে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশংসনীয় কাজ করেছেন।
আগামী এক বছরের মধ্যে বরিশালকে একটি নতুন ও পরিবর্তিত রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সেলিমা রহমান পরিবেশ দূষণ রোধ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাওয়ার জন্য কর্মকর্তা ও প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় নগর ভবনে পৌঁছালে তাকে ফুলেল উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান বিসিসি প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল জেলার (দক্ষিণ) সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম এবং নাগরিক সেবার বিষয়ে খোঁজ-খবর নেন। পরে সিটি করপোরেশনের প্রশাসক, কর্মকর্তা এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বেগম সেলিমা রহমান।
এ সময় অন্যদের মধ্যে বিসিসির সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান রতন ও আহমেদ জ্যাকি অনুপম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীম আকবর, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
