বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে সিনেমা মুক্তির আগেই মানবিক উদ্যোগের কারণে আলোচনায় এসেছেন রাশমিকা।
দক্ষিণ ভারতের অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়াতে মানবিক এক উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও মুদি খরচ দিয়ে সহায়তা করতে ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের এক দাতব্য কার্যক্রম চালু করেছেন তিনি। এই উদ্যোগের আওতায় প্রথম ধাপে ৪০০টি পরিবারের সব ধরনের মুদি খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে রাশমিকা এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, তার আসন্ন চলচ্চিত্র ‘রণবালী’-তে অভিনীত ‘জায়াম্মা’ চরিত্রের মানবিক দিকটি তাকে এই কাজে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
ভক্তদের প্রশ্নের জবাবে তিনি জানান, পর্দার ‘জায়াম্মা’র সঙ্গে তার বাস্তব জীবনের ব্যক্তিত্বের গভীর মিল রয়েছে। এতদিন এসব সহায়তা গোপনে করলেও এবার প্রকাশ্যে এনেছেন যেন তা অন্যদেরও এমন ভালো কাজে অনুপ্রাণিত করতে পারে।
উদ্যোগের পরিকল্পনা ব্যাখ্যা করে রাশমিকা বলেন, “আজ আমি ৪০০টি পরিবারের দায়িত্ব গ্রহণ করেছি। আমি প্রতি দফায় তিন মাস করে ৪০০টি পরিবারকে মুদি বাজার দিয়ে সহায়তা করতে চাই এবং আগামী এক বছর এটি চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। যেন এই সময়ে নিত্যপ্রয়োজনীয় খরচের টাকা বাঁচিয়ে তারা সঞ্চয় করতে পারেন এবং ভবিষ্যতের সুন্দর পরিকল্পনা সাজাতে পারেন।”
মানবিক এই কাজের অনুভূতি প্রকাশ করে রাশমিকা আরও বলেন, “ছোট একটি সদয় আচরণও একজন মানুষের জীবন বদলে দিতে পারে। বিশ্বাস করুন, মানুষের মুখের এই হাসিগুলো আমার বিগত কাজের বছরগুলোর প্রতিটি নির্ঘুম রাত, আঘাত, লড়াই, কষ্ট আর চোখের জলের চেয়েও অনেক বেশি মূল্যবান।”
‘রণবালী’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিজয় দেবরাকোন্ডা। বিয়ের পর এই সিনেমার মাধ্যমেই আবারও পর্দায় জুটি বাঁধছেন বিজয় ও রাশমিকা। ১৮৭০-এর দশকের দক্ষিণ ভারতের মাদ্রাজ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী যোদ্ধা ‘রণবালী’র চরিত্রে বিজয় এবং তার সহযোদ্ধা ও স্ত্রী ‘জায়াম্মা’র চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
