গাজীপুরের কালিয়াকৈরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কর্মকর্তা হলেন এ এম এম তৌহিদুর রশিদ। তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক।
তৌহিদুর বলেন, একটি সাদা রঙের প্রাইভেট কারে এসে ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তারা টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার দুপুরে তিনি তাঁর বাবা এস এম হারুনুর রশিদের সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখার ব্যাংক হিসাব থেকে থেকে পাঁচ লাখ টাকা তোলেন। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার তাঁদের ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে।
এ সময় প্রাইভেট কার থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তৌহিদুরের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেন। এরপর দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে চলে যান তাঁরা। পরে পুলিশের জরুরি সেবার নম্বরে ফোন করেন তৌহিদুর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
তৌহিদুর বলেন, ‘বাড়ির কাছাকাছি বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার আমাদের অটোরিকশার কাছে আসে। পরে প্রাইভেট কার থেকে একজন হাত বাড়িয়ে আমার কাছে থাকা টাকার ব্যাগ জোর করে ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। পুলিশের জরুরি সেবার নম্বরে ফোন করলেও পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।’
এ ঘটনায় রোববার সন্ধ্যা ছয়টার দিকে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তৌহিদুর রশিদ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
