বিবিধ থিমের ছোঁয়ায় পুজো জমজমাট হয়ে উঠেছে রেলনগরী খড়্গপুরে।
Published on
:
2 min read
রামায়ণ থেকে কৈলাস পর্বত, বৃন্দাবনের নিধিবন থেকে রাজমহল— বিবিধ থিমের ছোঁয়ায় পুজো জমজমাট হয়ে উঠেছে রেলনগরী খড়্গপুরে। চতুর্থী-পঞ্চমীতেই বিভিন্ন পুজামণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে। দর্শনার্থীরাও দল বেঁধে বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন। তাক লাগানো মণ্ডপ, প্রতিমা আর রঙিন আলোর রোশনাইতে উৎসবে মেতেছেন খড়গপুর শহরের বাসিন্দারা। এক নজরে দেখে নেওয়া যাক খড়্গপুরের ১০ পুজো।
বাবুলাইন সর্বজনীন— খড়্গপুর শহরের বাবুলাইন সর্বজনীনের দুর্গাপুজো এ বার ১০০ বছরে পা দিয়েছে। এ বছর সেখানকার থিম— ‘পদ্মের মাঝে দুর্গা আসে অস্ত্র সাজে’। মণ্ডপের সামনে ছোট ছোট মন্দির, শিবের ধ্যানরত মূর্তি রয়েছে। মণ্ডপের ভিতরের সুন্দর কারুকার্য দর্শনার্থীদের মন জয় করছে।
মথুরাকাটি সর্বজনীন— খড়্গপুর শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে মথুরাকাটি সর্বজনীন দুর্গাপুজোর বেশ নাম ডাক রয়েছে। ৬৪তম বর্ষে এ বার সেখানে থিম— ‘বৃক্ষ মানবতার মন্দির’। গাছগাছালি, গাছের শিকড়, লতাপাতা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। চারদিকে রঙিন আলোর রোশনাই। মণ্ডপের সামনে বিশাল মাঠে বসেছে মেলাও।
বিবেকানন্দ পল্লি সর্বজনীন— ‘মাটির ঘরে মা’— এই থিমের আদলে মণ্ডপ তৈরি হয়েছে বিবেকানন্দ পল্লি সর্বজনীন পুজামণ্ডপে। ৫৭তম বর্ষে পা দিয়েছে এই পুজো। মণ্ডপ জুড়ে খড়, মুখোশ, কুলো দিয়ে কারুকার্য করা হয়েছে। উদ্যোক্তারা জানান, প্রতি বছরের মতো এ বছরও দর্শনার্থীদের ভিড় জমছে প্রথম থেকেই।
সবুজ সঙ্ঘ— খড়্গপুরে সবুজ সঙ্ঘের মণ্ডপ এ বার এক টুকরো বৃন্দাবন! ৫৭তম বর্ষে সেখানে পুজোর থিম ' ‘বৃন্দাবনের নিধিবন’। গোটা মণ্ডপ জুড়ে রাধাকৃষ্ণের রাসলীলা, রাধাকৃষ্ণের ঝুলন, বিভিন্ন পশুপাখির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। থিমের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। পুজোর উদ্যোক্তারা বলেন, মণ্ডপে প্রচুর দর্শনার্থীর সমাগম হচ্ছে। পুজোর দিনে বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
নেতাজি সঙ্ঘ ব্যামাগার— খড়্গপুর শহরের তালবাগিচায় স্কুল মাঠে নেতাজি সঙ্ঘ ব্যামাগারের দুর্গাপুজোয় এ বারের থিম ‘কৈলাসের ডাক’। মণ্ডপে রয়েছে ধ্যানরত শিবের মূর্তি। পর্বতের গুহার আদলে গড়ে তোলা হয়েছে মণ্ডপ।
উত্তর ইন্দা সর্বজনীন দুর্গাপুজা কমিটি— গোটা মণ্ডপ জুড়ে রয়েছে পাখির বাসা ও পাখি। খাঁচায় ভরা পাখিও রয়েছে। উত্তর ইন্দা সর্বজনীন দুর্গাপুজোয় এ বার থিম ‘পাখির বাসা’। পুজোটি এ বার ৬৭তম বর্ষে পা দিয়েছে। উদ্যোক্তারা বলেন, এ বছরের আয়োজন বাচ্চাদের কাছে খুব আকর্ষণীয়।
রথতলা সর্বজনীন— খড়্গপুর শহরের রথতলা সর্বজনীন পুজোয় এ বারের থিম রামায়ণ। রামের বনবাস, সেতুবন্ধন, কুম্ভকর্ণের ঘুমের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। গোটা মণ্ডপটি তৈরি হয়েছে রাজমহলের আদলে। পুজোটি এ বার ৫০তম বর্ষে পা দিয়েছে। উদ্যোক্তারা বলেন, প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের ঢল নামছে।
মালঞ্চ আদি পুজা কমিটি— খড়্গপুর শহরের এই পুজোটি এ বার ৮৪তম বর্ষে পদার্পণ করেছে। এ বার সেখানে থিম করা হয়েছে ‘লোভ-আকাঙ্ক্ষা বর্জনে সহায় ভবতারিণী’।
গোলবাজার দুর্গা মন্দির— খড়্গপুর শহরের বোল বাজার দুর্গা মন্দিরের পুজো এ বার ১০২তম বর্ষে পা দিয়েছে। খড়গপুর শহরের পুরনো পুজোগুলির মধ্যে এটি অন্যতম।
প্রেমবাজার সর্বজনীন দুর্গোৎসব— খড়্গপুর শহরের প্রেমবাজার সর্বজনীন দুর্গাপুজো এ বছর ৬৭তম বর্ষে পা দিয়েছে। প্রতি বছরের মতো এই বছরও দর্শনার্থীদের ঢল নেমেছে পুজোতে।
