দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের ফিঙ্গারের কব্জা ফেটে যাওয়ায় ঘাটটি সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর এ সমস্যা দেখা দেয়। ঘাটটি সচল করতে মেরামতের কাজ চলছে। এদিকে গুরুত্বপূর্ণ এ ফেরিঘাট বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের সারি তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
জানা গেছে, ফেরি চালানোর সময় দৌলতদিয়া ৩ নম্বর ঘাটের পন্টুনের ফিঙ্গারের কব্জা ফেটে যায়। এতে ঘাটটি দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে ঝালাইয়ের কাজ শুরু করা হয়।
দৌলতদিয়া ফেরিঘাট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ঘাটগুলোর সচল থাকা জরুরি। এর মধ্যে একটি ঘাট বন্ধ থাকায় যানবাহন পারাপারে চাপ বেড়েছে। দ্রুত মেরামত শেষ করে ঘাটটি চালু করার দাবি জানিয়েছেন ভোগান্তিতে পড়া চালক ও যাত্রীরা।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাগজে কলমে দৌলতদিয়া প্রান্তে মোট ৭টি ফেরিঘাট থাকলেও বর্তমানে মাত্র ৪ ও ৫ নম্বর ফেরিঘাট সচল রয়েছে। আর ৩ নম্বর ফেরিঘাট এই মুহূর্তে বন্ধ, ঝালাই চলছে, কাজ করছে বলে জানা যায়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ফেরিঘাটের ম্যানেজার (মেরিন), আব্দুল্লাহ আল মামুন বলেন, ফেরি চালানোর সময় পন্টুনের ফিঙ্গারের কব্জা ফেটে গেছে। দ্রুত মেরামতের জন্য নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, মেরামতের কাজ শেষ হতে আরও প্রায় এক ঘণ্টা লাগতে পারে। বর্তমানে ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন লোড-আনলোড করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, পন্টুনের ফিঙ্গার ফেটে যাওয়ায় ৩ নম্বর ঘাট বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে ঝালাইয়ের কাজ চলছে। বর্তমানে এ নৌপথে ১২টি ফেরি চলাচল করছে। তবে দৌলতদিয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর-এই দুটি ঘাট সচল রয়েছে। মেরামতের কাজ শেষ হলে ৩ নম্বর ঘাট আবার চালু করা হবে।
