আজকাল ওয়েবডেস্ক: পঞ্চমীর বিকেলে বনগাঁ থানার নেতাজি মার্কেট এলাকায় যশোর রোডে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। পুজোর কেনাকাটা সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন দেবগড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা রায়(২০)।
নিজের সাইকেলেই পুজোর বাজার করতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রাপোলের দিক থেকে আসা একটি ট্রাকের চাকার তলায় পড়ে যান তিনি।
ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। এরপর ঘটনাস্থলে থাকা পথচলতি সাধারণ মানুষ তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
https://youtu.be/JwFdq_tA9cE?si=ibjIQUWKW3DwBjuK
খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় প্রিয়াঙ্কার পরিবার। পঞ্চমীর দিন ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সকলেই।
