ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই প্যারিস একটি মুসলিম শহর হয়ে যাবে। একই সঙ্গে ইউরোপের দেশগুলো এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে, তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে; স্কুল বা অন্য কোনো বিষয় এর জন্য দায়ী নয়। আগের দিনও একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এটা অভিবাসনের বিষয়। আমি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে বলেছি, তোমাদের সীমান্ত বন্ধ করো।’
ফ্রান্সে সপ্তাহান্তে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। একপর্যায়ে এসব বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দেখা সবচেয়ে ভয়াবহ সড়ক সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাখোঁর সঙ্গে নিজের এক কথোপকথনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘অনেক আগেই আমি তাকে বলেছিলাম, ফ্রান্সে তোমরা বড় ভুল করছ। সারা বিশ্বের মানুষকে তোমরা ঢুকতে দিচ্ছ। পুরো বিশ্বই সেখানে আসছিল।’
এরপর ৮০ বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘খুব শিগগিরই প্যারিস একটি মুসলিম শহর হয়ে যাবে।’
ট্রাম্প আরও বলেন, ‘ইউরোপ যদি সীমান্ত বন্ধ না করে এবং বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের মতো অপরাধীদের বের করে না দেয়, তাহলে ইউরোপের পতন ঘটবে।’
২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন ঠেকানোকে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেছিলেন ট্রাম্প। ওই সময় তিনি জাতিগত ভীতিকে উসকে দেয় এমন কিছু মিথ্যা দাবিও করেছিলেন।
সূত্র : সিএনএন
