টুপটুপ রিসোর্টের পর কক্সবাজারে এবার এক অভিজাত হোটেলে আগুন লেগেছে। হোটেলটিতে প্রায় ৩ শতাধিক পর্যটক অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে তারা সবাই সুস্থ রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামে হোটেলটিতে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও পার্কিং এলাকার জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ‘আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে কেউ হতাহত হননি।’
দ্য প্রিন্সেসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, ‘আমাদের যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি; পর্যটকেরা নিরাপদে আছেন।’
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর (শনিবার) উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ পর্যটক।
